ওয়েবসাইটে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ
নরসিংদী–১ (সদর) আসনের সাধারণ জনগণের পক্ষ থেকে নরসিংদী বড়বাজারে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম সংক্রান্ত অভিযোগ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হলে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন বিএনপি নেতা ও সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
অভিযোগ পাওয়ার পরদিনই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নরসিংদী বড়বাজারে সরেজমিনে পরিদর্শনে যান।
বাজার পরিদর্শন ও বাস্তব পরিস্থিতি যাচাই
বাজার পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পুত্র ইশমাম কবির এবং অন্যান্য নেতাকর্মী বৃন্দ। তিনি বিভিন্ন দোকান ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।
ক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি উপলব্ধি করেন এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ন্যায্যমূল্য নিশ্চিতকরণে আহ্বান
পরিদর্শন শেষে জনাব খায়রুল কবির খোকন ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান, যেন তারা অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করেন এবং ন্যায্য দামে পণ্য বিক্রি করেন।
তিনি বাজারে সুষ্পষ্টভাবে দ্রব্যমূল্যের তালিকা (Price Chart) প্রদর্শনের পরামর্শ দেন, যাতে ক্রেতারা সহজেই মূল্য সম্পর্কে অবগত থাকতে পারেন। এছাড়া বাজার তদারকি জোরদার এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
জনগণের অভিযোগের প্রতি প্রতিশ্রুতি
তিনি জানান, জনগণের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অভিযোগ ও পরামর্শ গ্রহণের উদ্যোগ জনগণের সঙ্গে নেতার যোগাযোগ আরও শক্তিশালী করেছে।
খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী–১ আসনের মানুষের স্বার্থ রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।